নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬ বিকাল ০৫:১০:২৩
ফেসবুকে অপপ্রচারের অভিযোগে সাইবার ক্রাইম মামলায় শাহাদাত গাজী আটক
গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও গাছা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এস এম মোমিনুর রহমানকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে দায়ের করা একটি সাইবার ক্রাইম মামলায় শাহাদাত গাজী নামে এক যুবককে আটক করেছে গাছা থানা পুলিশ।
আটক শাহাদাত গাজীর বাড়ি কুমিল্লা জেলার সোনাকান্দি গ্রামে। তিনি মৃত বিল্লাল হোসেনের ছেলে। বর্তমানে গাজীপুর মহানগরের গাছা থানাধীন উত্তর খালকুর, মেম্বার বাড়ি রোডের (আজিজ হাজীর বাড়ির ভাড়াবাসা), ৩৩ নম্বর ওয়ার্ড এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।
মামলার অভিযোগকারী ছাত্রনেতা আদিল মাহমুদ অভিযোগ করেন, শাহাদাত গাজী দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছিলেন। একই সঙ্গে গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোমিনুর রহমানকে নিয়ে মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হয়েছে বলেও তিনি দাবি করেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত জানান, মামলার অভিযোগের ভিত্তিতে শাহাদাত গাজীকে আটক করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আদালতের নির্দেশনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সত্যতা নির্ধারণ করা হবে।