রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৬ আগস্ট ২০২৬ দুপুর ১২:৪১:৫১
নারী চালক ও কর্মী নিয়ে চালু হচ্ছে বগুড়ায় বিশেষ বাস
বগুড়ায় নারী ও শিশুদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সম্মানজনক যাতায়াত নিশ্চিত করতে চালু হতে যাচ্ছে বিআরটিসির বিশেষ দুটি বাস সার্ভিস। ইতোমধ্যেই বাস দুটি বগুড়া বিআরটিসি ডিপোতে পৌঁছেছে। এ বাসের বিশেষত্ব হলো—চালক, সুপারভাইজারসহ পরিচালনার সঙ্গে যুক্ত সব কর্মীই হবেন নারী। গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআরটিসি সূত্র জানিয়েছে, চলতি মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় আনুষ্ঠানিকভাবে বিশেষ এ বাস সার্ভিসের উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই বগুড়া শহরে নিয়মিতভাবে বাস দুটি চলাচল শুরু করবে। তবে বাসগুলোর নির্দিষ্ট রুট এবং ভাড়ার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
বিআরটিসির বগুড়া ডিপো ম্যানেজার শাহিনুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে বাস পরিচালনার রুট ও ভাড়া সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হবে। নির্দেশনা হাতে পেলেই বিশেষ বাস দুটি যাত্রীসেবা দিতে সড়কে নামানো হবে।