মাহামুদুল হাসান নয়ন রূপগঞ্জ (অনলাইন)
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৮:১৭
সাহস থাকলে দেশে আসেন, জনগণের মূল্যায়ন নাকি অন্যকিছু করে তা পরে দেখেন, আগুন সন্ত্রাসী বাদ দেন: সমাজকল্যাণমন্ত্রী
সাহস থাকলে দেশে আসেন, জনগণের মূল্যায়ন নাকি অন্যকিছু করে তা পরে দেখেন, আগুন সন্ত্রাসী বাদ দেন, জ্বালাও পোড়াও করতে উস্কে দিয়েন না, বলে হুঁশিয়ারী দিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার সকালে রূপগঞ্জ উপজেলার দাউদপুর এলাকায় দাউদপুর জেনারেল হাসপাতাল ও রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন।
মন্ত্রী আরও বলেন, ৫ ই আগস্টের আগে যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে কঙ্কাল রেখে পালিয়ে গেছেন। পটকাবাজি, বোমা বাজি বাসে আগুন লাগানো মানুষকে উস্কানি দেওয়া আওয়ামী লীগের ইতিহাস। সারাদেশের মানুষকে মনে রাখতে হবে এই আওয়ামী লীগ হোটেল শেরাটনের সামনে মানুষ দোতলা বাসে আগুন লাগিয়ে কিভাবে মানুষ পুড়িয়েছিল। আওয়ামী লীগ আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। তারা এদেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না। দেশের মানুষকে সাথে নিয়ে তাদের রুখে দিতে হবে। বিএনপি সরকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যা করা দরকার তা করছে।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক আজিজুল ইসলামের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বিন শফিক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপি'র সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন,সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুসহ আরো অনেকে।
এসময় রূপগঞ্জের অভ্যন্তরীণ রাস্তা ঘাটের উন্নয়ন না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী ও অতিথিরা।