রাকিবুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ১ জুলাই ২০২৬ দুপুর ০১:৪০:১১
মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত টাইলস মিস্ত্রির মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত টাইলস মিস্ত্রি সাগর (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
নিহত সাগর চাঁদপুর সদর উপজেলার কেতুয়া এলাকার জুলফু হাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টিসি রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে টাইলস মিস্ত্রির কাজ করতেন।
সাগরের বড় ভাই জসিম উদ্দিন হৃদয় জানান, ছুরিকাঘাতে আহত হওয়ার পর থেকেই তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও মঙ্গলবার রাতে তিনি মারা যান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জুন বিকেলে রায়পুর পৌর শহরের হল রোড এলাকার নদীর পাড়ে মাদক বিক্রিকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে সাগরের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় রায়পুর উপজেলার দেনায়েতপুর এলাকার ইমাম উদ্দিন বেপারীবাড়ির বাসিন্দা মো. নুরুল আমীনের (৪৫) বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার সময় স্থানীয় জনতা তাকে আটক করে।
ঘটনার ১৭ দিন পর, গত সোমবার (২৯ জুন) সাগরের শাশুড়ি রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যুর বিষয়টি পুলিশ জেনেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মামলার ধারা সংশোধনসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।