নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৬ রাত ১০:৫৪:০৭
ফ্যাসিবাদের ধ্বংসস্তুপ থেকে দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: ড. খন্দকার মোশাররফ
তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তুপ থেকে দেশ দ্রুত উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ, তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে।”
ড. মোশাররফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে পরিচিত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও উন্নয়নের পথে নিয়ে গিয়েছিলেন। বেগম খালেদা জিয়াও গণতন্ত্র সুসংহত ও যুগান্তকারী উন্নয়ন করেছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, তারেক রহমানও তাঁর পিতা-মাতার আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা সমাজসেবা উপ-পরিচালক নূরুল ইসলাম পাটোয়ারী, দাউদকান্দি এসি (ল্যান্ড) রেদওয়ান ইসলাম এবং দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বারী।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোশাররফ আরও বলেন, “বর্তমান ও আগামীর রাজনীতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।”
তিনি জানান, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে অসহায়, দুস্থ ও কৃষক পরিবারের কল্যাণে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। এদিন দাউদকান্দির গোয়ালমারী ইউনিয়নের ৫৮৭ জন দুস্থ নারী ফ্যামিলি কার্ডের অর্থ সহায়তা পেয়েছেন।
বিএনপির নীতিনির্ধারণী নেতা ড. মোশাররফ বলেন, “কৃষিতে উৎপাদন বাড়াতে শহীদ জিয়ার প্রবর্তিত ‘খাল খনন কর্মসূচি’ আবারও চালু করা হয়েছে। এতে কৃষকের মুখে হাসি ফিরেছে।”
বিশেষ অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “বিগত সরকার জুলুম-নিপীড়নের মাধ্যমে জাতিকে পথহারা করেছিল। তারেক রহমান জাতিকে নতুন পথ দেখিয়ে এগিয়ে নিচ্ছেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।”
তিনি আরও বলেন, অতীতে শুধু পাশের হার বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হলেও বর্তমান সরকার শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে সকালে চাঁদপুরে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর ও দাউদকান্দি সেতু টোলপ্লাজায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।