কোনাবাড়ি (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩ মে ২০২৬ দুপুর ১২:১৭:৪৭
কোনাবাড়িতে উচ্ছেদকৃত হকারদের মানববন্ধন
ভাত দে, কাজ দে নইলে হকার বসতে দে এই শ্লোগানে গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে উচ্ছেদকৃত হকাররা মানববন্ধন করেছেন।
রোববার (৩ মে) সকাল ১১ টার সময় মহানগরীর কোনাবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় ফ্লাইওভারের নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রানু নামে এক নারী হকার বলেন,,আমাদের ফুটপাতে বসতে দেওয়া হোক। আমাদের আর কোন দাবি নাই? তিনি বলেন,আমরা মেন রাস্তায় বসিনা। তাহলে আমাদের কেন উচ্ছেদ করা হলো।
আলী আজগর নামে অন্য এক হকার বলেন, পরিবার নিয়ে আমাদের চলা অসম্ভব হয়ে পড়েছে। রুম ভাড়া ছেলে মেয়ের স্কুলের খরচ দিতে পারছিনা। আমরা অনেক কষ্টে দিন অতিবাহিত করছি।
এ সময় উচ্ছেদকৃত হকাররা আরও বলেন, আমাদের পুনর্বাসন না করা পর্যন্ত ফুটপাতে বসতে দেওয়া হোক। ফুটপাত থেকে উচ্ছেদের পর থেকেই আমরা অনাহারে অর্ধহারে দিন অতিবাহিত করছি। এ সময় তারা পুনর্বাসনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
সম্প্রতি গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জনসাধারণের চলাচল নির্বিঘ্নে করতে অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা দোকানপাট উচ্ছেদ করা হয়।