দেওয়ানগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৬ রাত ০৭:১৬:১৯
দেওয়ানগঞ্জে মাঠে ঘাস কাটতে গিয়ে হৃদরোগে নাইট গার্ডের মৃত্যু
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাঠে ঘাস কাটতে গিয়ে আফসার আলী (৪০) নামে এক নাইট গার্ডের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার চর খড়মা এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আফসার আলী চর খড়মা এলাকার বাসিন্দা এবং তিলকপুর মোল্লা বাজারে নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন। রাতের ডিউটি শেষে সকালে তিনি বাড়িতে ফিরে টর্চলাইট চার্জে দিয়ে স্ত্রী মোছা. মাফিয়ার সঙ্গে কথা বলেন। পরে গরুর জন্য ঘাস কাটতে পশ্চিম পাশের মাঠে যান। এ সময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন।
মাঠে কাজ করার একপর্যায়ে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। সেখানে প্রাথমিকভাবে মাথায় পানি ঢালা ও মালিশ করা হলেও সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
পরিবারের দাবি, আফসার আলী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ সেবন করতেন। তার মৃত্যুর ঘটনায় কোনো সন্দেহ নেই বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর আবেদন করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।