কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২ জুলাই ২০২৬ রাত ১০:০৩:০০
কালকিনিতে অভিযানে ৫টি অবৈধ ড্রেজার জব্দ, মামলা দায়েরের নির্দেশ
মাদারীপুরের কালকিনি উপজেলায় আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিনের নেতৃত্বে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় চার ঘণ্টাব্যাপী এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশগাড়ি ইউনিয়নের কানুরগাঁও খাসেরহাট, সূর্যমনি চ্যানেল ও কাচিকাটা চ্যানেল এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীতীরবর্তী ফসলি জমি, বসতবাড়ি এবং বিভিন্ন সরকারি স্থাপনা ক্ষতির ঝুঁকিতে পড়ছিল।
এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করে। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
পরে জব্দ করা ড্রেজারগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নূর ইসলামের জিম্মায় রাখা হয়।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলমকে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন বলেন, “নদী, খাল ও লোকালয় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং জনস্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”