নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ বিকাল ০৫:২০:৩০
৬৫০০ ব্যাগ রক্তদানের মাইলফলক স্পর্শ করলো নওগাঁ ব্লাড সার্কেল, রক্তদাতাদের সম্মাননা
স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নওগাঁর স্বেচ্ছাসেবী সংগঠন নওগাঁ ব্লাড সার্কেল। সংগঠনটি ২০১৭ সালে যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৫০০ ব্যাগের বেশি রক্ত সংগ্রহ ও সরবরাহের মাইলফলক অর্জন করেছে। এই অর্জন উপলক্ষে সংগঠনের নিয়মিত রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নওগাঁ ব্লাড সার্কেল কমিটির আহ্বায়ক রাহাদ হাসান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. নাসিমুজ্জামান। প্রধান আলোচক ছিলেন চিকিৎসক ডা. মো. আব্দুল মতিন।
সংগঠনটির সভাপতি রাহাদ হাসান আকাশ বলেন, জেলা ও মফস্বল এলাকায় জরুরি সময়ে রক্ত সংগ্রহ করা এখনো বড় চ্যালেঞ্জ। সেই সংকট দূর করার লক্ষ্যেই ২০১৭ সালে একঝাঁক তরুণ নওগাঁ ব্লাড সার্কেল প্রতিষ্ঠা করেন।
তিনি জানান, সংগঠনটি এখন পর্যন্ত সাড়ে ছয় হাজারের বেশি ব্যাগ রক্তদান নিশ্চিত করতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অধ্যক্ষ মো. নাসিমুজ্জামান বলেন, শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা শুধু ভালো শিক্ষার্থী নয়, সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডা. মো. আব্দুল মতিন বলেন, নিয়মিত রক্তদান অন্যের জীবন রক্ষার পাশাপাশি রক্তদাতার স্বাস্থ্যের জন্যও উপকারী। এতে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে, নতুন রক্তকণিকা তৈরি হয় এবং প্রতিবার রক্তদানের আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে সম্পন্ন করা হয়। তিনি তরুণদের নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত নওগাঁ ব্লাড সার্কেল বিনামূল্যে রক্তদান, থ্যালাসেমিয়া রোগীদের সহায়তা, পাঠাগার পরিচালনা, দুর্যোগে ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।