ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৬ রাত ১০:০০:১৭
ফুলপুরে ২৬ বছরেও কাটেনি জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার দুটি বিলের জলাবদ্ধতার সমস্যা ২৬ বছরেও সমাধান হয়নি। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভুইদ্দা বুড়ি ও কুন্দা বুড়ি বিলসংলগ্ন এলাকার হাজারো মানুষ প্রতি বর্ষা মৌসুমে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিল দুটির জলাবদ্ধতা নিরসনে ২০২০ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, তৎকালীন পৌর মেয়র শশধর সেন এবং স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়। পরবর্তীতে ২০২৩ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান ড্রেনেজ নির্মাণকাজের উদ্বোধন করেন। তবে অজ্ঞাত কারণে সেই প্রকল্পের কাজ আর শেষ হয়নি।
এর ফলে প্রতি বর্ষা মৌসুমে পৌরসভার আমুয়াকান্দা গ্রামের লেদু সরকার বাড়ি, বাগানবাড়ি মহল্লা এবং কাড়াহা গ্রামের বিলসংলগ্ন এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
স্থানীয়রা জানান, আষাঢ়-শ্রাবণ মাস এলেই বর্ষার পানিতে বিলসংলগ্ন অসংখ্য ধানখেত, মাছের ঘের, সড়ক ও বসতবাড়ি প্লাবিত হয়। অনেক বাড়ির উঠান, রান্নাঘর, গোয়ালঘর ও বসতঘরে হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকে। এতে বিশুদ্ধ পানির সংকট, চলাচলে দুর্ভোগ এবং নিত্যদিনের জীবনযাত্রা ব্যাহত হয়।
এ বছরও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই দীর্ঘদিনের এই জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।