মোঃ শামীম হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ বিকাল ০৫:৫২:৫৩
জামালপুরে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত
জামালপুরের মেলান্দহে ইঞ্জিন চালিত ভটভটি গাড়ি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত দুই নারী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো তিন জন।
আজ (১৯ জুলাই) রোববার দুপুরে জামালপুরে দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহ বেতমারী তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, দেওয়ানগঞ্জ থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা জামালপুর শহরের দিকে রওনা দেন। সিএনজিটি মেলান্দহ উপজেলার বেতমারী তালতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এসময় গুরুতর আহত হন সিএনজিতে থাকা ৫ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে অজ্ঞাত দুই নারী যাত্রীর মৃত্যু হয়।
জামালপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার উজ্জ্বল কুমার সরকার জানান, সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। আহত ৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।