কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪১:১০
কোনাবাড়ীতে মধ্যরাতে কারখানায় আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে একটি কারখানায় অগ্নি কান্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত দুইটার সময় মহানগরীর কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় অবস্থিত এস এন ফ্যাশন নামক একটি কারখানায় এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,কারখানাটিতে হঠাৎ করেই মধ্যরাতে আগুনের সূত্রপাত হয় এবং মুহুর্তের মধ্যে চতুর্থতলা ভবনের তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পরে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে সারাবো মর্ডান ফায়ারসার্ভিসের আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে সক্ষম হয় ফায়ারসার্ভিসের কর্মীরা।
কোনাবাড়ী মর্ডান ফায়ারসার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান,আগুনের খবর পেয়ে ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাণ করা সম্ভব হয়।
তিনি বলেন,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান ফায়ারসার্ভিসের ওই কর্মকর্তা।