লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৬ রাত ১০:৫৪:২১
তিস্তা টোল প্লাজায় তল্লাশিতে প্রায় ২ কোটি টাকার মার্কিন ডলারসহ যুবক আটক
আটক যুবকের নাম মো. লিখন মিয়া (২৩)। তিনি কুড়িগ্রাম সদর থানার ঘোষপাড়া এলাকার মো. নুরনবী সরকার বাবুর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫ মিনিটে লালমনিরহাট থানার সাধারণ ডায়েরি (জিডি) নং-৮৬৭ মূলে এসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলার ৮ নম্বর গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া এলাকায় তিস্তা টোল প্লাজার দক্ষিণ পাশে স্থাপিত পুলিশ চেকপোস্টে বিভিন্ন যানবাহনে তল্লাশি চলছিল।
এ সময় সন্দেহজনকভাবে একটি অটোরিকশা থামিয়ে যাত্রী লিখন মিয়াকে নামানো হয়। পরে তার শরীর তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মার্কিন ডলার সদৃশ নোট উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, আটক যুবকের কাছ থেকে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট উদ্ধার করা হয়েছে। জব্দকৃত বৈদেশিক মুদ্রার মোট পরিমাণ ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার, যার বাংলাদেশি মুদ্রামানে মূল্য প্রায় দুই কোটি টাকা।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বাদ ইসলাম বলেন, “উদ্ধারকৃত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। আটক যুবক কোথা থেকে এসব ডলার সংগ্রহ করেছেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন, তা জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭ অনুযায়ী লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।