নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ রাত ১০:০০:৪৬
প্রকৌশলী পেটানোর ঘটনায় ১৭ দিনেও গ্রেপ্তার হয়নি ঠিকাদার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-এ সড়ক নির্মাণে অনিয়ম তদন্ত করতে গিয়ে হামলার শিকার হওয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক প্রকৌশলীকে বদলি করা হয়েছে। তবে ঘটনার ১৭ দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামি ঠিকাদার এখনো গ্রেপ্তার হয়নি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল প্রধান প্রকৌশলীর পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে উপ-সহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলাম-কে জামালপুরের দেওয়ানগঞ্জে পদায়ন করা হয়।
ঘটনার সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল দুপুরে উপজেলার মেরকুটা জিসি থেকে শিবপুর বাজার আরঅ্যান্ডএইচ সড়কের নির্মাণকাজে নিম্নমানের অভিযোগ তদন্তে যান এলজিইডির একটি দল। এ সময় ঠিকাদার লোকমান হোসেন তাদের কাজে বাধা দেন এবং একপর্যায়ে উপ-সহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলাম-কে বাঁশ দিয়ে ধাওয়া করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় নবীনগর থানা-য় মামলা দায়ের করেন ভুক্তভোগী প্রকৌশলী। তবে মামলার প্রধান আসামি লোকমান হোসেন এখনো গ্রেপ্তার হয়নি। এ পর্যন্ত তার গাড়িচালক বিল্লাল হোসেন ও ম্যানেজার ফোরকানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলা এলজিইডি সূত্র জানায়, মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্পটির কার্যাদেশ পায় রাজশাহীর মেসার্স বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। প্রায় ১৪ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ের এ প্রকল্পে ঠিকাদার হিসেবে কাজ করছিলেন লোকমান হোসেন। শুরু থেকেই নিম্নমানের কাজের অভিযোগ ছিল স্থানীয়দের পক্ষ থেকে।
বদলির বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী ফেরদৌস আলী বলেন, বদলির আদেশটি কেন্দ্রীয়ভাবে হয়ে থাকতে পারে এবং সংশ্লিষ্ট কাগজপত্র হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
এদিকে মোহাম্মদ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নবীনগর থানা জানান, এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।