হীরা আহমেদ জাকির, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৬ রাত ০৭:৫৮:০৭
সীমান্তে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় সিম, রাজস্ব হারাচ্ছে সরকার
উপজেলার কাশিনগর, নোয়াবাদি, নলগড়িয়া, কালাছড়া, ইকরতলী, সেজামুড়া, ধোরানাল, জলিলপুর ও লক্ষীপুরসহ সীমান্তঘেঁষা বিভিন্ন এলাকায় ভারতীয় বিভিন্ন কোম্পানির সিমকার্ডে ইন্টারনেটভিত্তিক নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, দেশের মোবাইল নেটওয়ার্ক দুর্বল হওয়া এবং ভারতীয় সিমে মিনিট ও এমবির খরচ তুলনামূলক কম হওয়ায় সীমান্তবর্তী এলাকার অধিকাংশ যুবক ভারতীয় সিম ব্যবহারে ঝুঁকছে।
তারা আরও জানান, ভারতীয় সিমের অবাধ ব্যবহারের সুযোগে সীমান্তের ওপারে থাকা চোরাকারবারিদের সঙ্গে বাংলাদেশের চোরাকারবারি ও মানবপাচারকারীরা নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। এর মাধ্যমে মাদক পাচারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে সীমান্ত অঞ্চলে অপরাধ প্রবণতা বাড়ছে বলেও দাবি করেন স্থানীয়রা।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বলেন, “বিষয়টি অফিসিয়ালি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল সীমান্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থার উন্নয়ন এবং ভারতীয় সিমের অবৈধ ব্যবহার বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।