ফারুক মিয়া, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ৭ জুন ২০২৬ বিকাল ০৪:০৫:১৭
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙন, ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার
শুক্রবার (৫ জুন) সকালে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এ সময় তাঁর সঙ্গে উপজেলা যুবদলের আহ্বায়ক মনজু হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বিদ্যুৎ, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এলাকা পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন ইউএনও এবং তাদের দুর্ভোগের বিষয়গুলো সরেজমিনে অবলোকন করেন। স্থানীয়রা ভাঙনের কারণে নিজেদের ঘরবাড়ি, আবাদি জমি ও শিক্ষা-প্রতিষ্ঠান হারিয়ে দ্রুত স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, “ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আপাতত জরুরি ভিত্তিতে ডাম্পিং কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”
স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই ভাঙনের শিকার হতে হচ্ছে তিলেকপুর এলাকার মানুষকে। দীর্ঘদিন ধরে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা না থাকায় নদীভাঙন ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে তিলেকপুরসহ আশপাশের আরও বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
এদিকে ভাঙনকবলিত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকা পালনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নদীভাঙন রোধে দ্রুত ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনেরও জোর দাবি উঠেছে।