নোমান মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ : ১৬ জুন ২০২৬ রাত ০৭:০৭:৩৮
রাজার বাজার–একডালা–বাসুল্লা সড়কের বেহাল দশা, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা
সরেজমিনে দেখা যায়, ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত শতাধিক যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করছে। বিশেষ করে একডালা এলাকার তিন রাস্তার মোড়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এলাকাটি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে।
স্থানীয় এক ভুক্তভোগী বলেন, “রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। সম্প্রতি আমিও একটি দুর্ঘটনার শিকার হয়েছি। স্থানীয় মানুষের সহায়তায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছি।”
এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিদের ব্যাপক আনাগোনা থাকলেও নির্বাচন শেষে সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে আর কোনো খোঁজখবর থাকে না। তারা জানান, সড়কটির বিষয়ে একাধিকবার উপজেলা প্রশাসনকে অবহিত করা হলেও এখনো দৃশ্যমান কোনো সংস্কার কাজ শুরু হয়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যান মানিক সরকারের বক্তব্য পাওয়া যায়নি।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, “আমি সম্প্রতি এখানে যোগদান করেছি। বিষয়টি আগে আমার নজরে আসেনি। এখন বিষয়টি জেনেছি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব।”
দ্রুত সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।