রাহেবুল ইসলাম টিটুল, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৬ রাত ০৭:৪৯:০৪
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছে: ত্রাণমন্ত্রী দুলু
সোমবার (২৫ মে) বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে লালমনিরহাটের রাজপুর ইউনিয়নের চিনাতলী স্কুল মাঠে ‘তিস্তাপাড়ের ভালোবাসার বাজার’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী যেমন পদ্মা সেতুর ঘোষণা দিয়েছিলেন, তেমনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেরও ঘোষণা দিয়েছেন। পদ্মা ব্যারেজের কাজ আগের সরকারগুলো অনেক দূর এগিয়ে রেখেছিল, পরে একনেক সেটি অনুমোদন দিয়েছে। তবে তিস্তা হচ্ছে আমাদের বর্তমান মহাপরিকল্পনা।”
তিনি আরও বলেন, “তিস্তা অঞ্চলের প্রায় দুই কোটি মানুষের স্বার্থে আমরা আন্দোলন করেছি। যারা ভালো কাজকে ইতিবাচকভাবে দেখতে পারে না, তারাই এ প্রকল্পের বিরোধিতা করছে।”
সীমান্ত হত্যা প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, “যেভাবেই হোক না কেন, সীমান্তে বিনা বিচারে কাউকে গুলি করে হত্যা করা উচিত নয়। কেউ অপরাধী হলেও তাকে আইনের আওতায় আনা উচিত।”
বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘এক টাকার বাজার’ উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেন, “যারা হতদরিদ্র, তাদের খুঁজে বের করে এক টাকার বিনিময়ে ১০টি পণ্য দেওয়া হচ্ছে। আগাম বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় মানুষ নানা কষ্টে রয়েছে। এই দুর্যোগপূর্ণ সময়ে বিদ্যানন্দের এমন সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এ ধরনের মানবিক উদ্যোগের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন, জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।