নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৬:৩৯
গোবিন্দগঞ্জে জমি বিরোধে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে কফিল উদ্দিন মাস্টার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ৯ নম্বর হরিরামপুর ইউনিয়নের হরিপুর (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে কফিল উদ্দিন মাস্টারের সঙ্গে একই এলাকার ইউপি সদস্য জলিল ও তার লোকজনের বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন কফিল উদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় হরিপুর গ্রাম ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।