ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ রাত ০৯:০৭:৫১
রামপালে এডিডি ইন্টারন্যাশনালের মানসিক স্বাস্থ্য প্রকল্পের সমাপ্তি, সেবা অব্যাহত রাখতে সম্মিলিত উদ্যোগের আহ্বান
সভায় প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান।
এডিডি ইন্টারন্যাশনালের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক (প্রজেক্ট ম্যানেজার) আব্দুল্লাহ আল হারুন, মনোবিজ্ঞানী ফারজানা আহমেদ এবং ফিল্ড কো-অর্ডিনেটর মো. এহসানুল হক। এছাড়া রামপাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ফকির আতিয়ার রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে এখনও নানা ধরনের ভয়, সংকোচ ও কুসংস্কার বিদ্যমান। এসব দূর করতে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এডিডি ইন্টারন্যাশনালের এ প্রকল্পটি স্থানীয় জনগণের মধ্যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সেবার পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তারা বলেন, প্রকল্পটির আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও এর মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও সফল উদ্যোগগুলো টেকসইভাবে ধরে রাখতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং কমিউনিটির সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে। পাশাপাশি সবার জন্য মানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীজনকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন অর্জন, মাঠপর্যায়ের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।