কালকিনি, মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ৩ মে ২০২৬ সকাল ১০:২৩:০১
কালকিনিতে জমি দখলের চেষ্টা এবং প্রাচীর ভাঙচুর, সংবাদ সম্মেলন ও থানায় লিখিত অভিযোগ
মাদারীপুরের কালকিনি উপজেলায় জোরপূর্বক জমি দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা এবং বসতবাড়ির প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ বিষয়ে (২ মে ২০২৬) শনিবার সন্ধ্যায় কালকিনি মডেল প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মিসেস নিহার হক ও তার ছেলে বাবু হাওলাদার জানান, কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ড পাঙ্গাশিয়া এলাকায় তাদের নিজস্ব বসতভিটা দখলের উদ্দেশ্যে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানি করে আসছে। শনিবার সকালে আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে এসে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায় এবং বসতবাড়ির প্রাচীর ভেঙে রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়। এ ঘটনার সঙ্গে জড়িত হিসেবে দুলাল বেপারী, শাহজাহান বেপারী, জিন্নাত আলী, জসিম, জুয়েল, লিটন, স্বপন, পারভেজ ও নসিব হাওলাদার সহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
এসময় তারা আরও উল্লেখ করেন, হামলাকারীদের বাধা দিলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি প্রদর্শন করে এবং অশালীন ভাষায় গালিগালাজ করে। এ সময় বাড়িতে থাকা ৪টি সিসি ক্যামেরা ও ২টি মোবাইল ফোন ভাঙচুর করা হয়। এছাড়া বাড়ির আঙিনায় রোপণ করা অনেকগুলো চারা গাছ কেটে ফেলে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি করা হয়েছে বলে দাবি করেন। এ ঘটনার বিষয়ে তারা ইতোমধ্যে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।