ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৬ রাত ০৯:৪১:৪৭
রামপালে সৌরবিদ্যুৎচালিত নিরাপদ পানি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
উপকূলীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে বাস্তবায়নাধীন “Solar-Powered Safe Water for Coastal Communities Project”-এর উপজেলা পর্যায়ের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রামপাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। প্রকল্পটির অর্থায়ন করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
সভায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌসি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকত আলী, রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
ওয়ার্ল্ড ভিশন রামপালের পক্ষ থেকে প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন মডারেটর সুবাস এম. জয়ধর এবং প্রোগ্রাম অফিসার পার্থ সারথী দোবে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার ও উন্নয়নকর্মীরাও উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, জানুয়ারি ২০২৬ থেকে জুন ২০২৭ মেয়াদে ২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে রামপাল উপজেলার ২৯ হাজার ৬৪৭ জন মানুষকে নিরাপদ পানির আওতায় আনা হবে।
প্রকল্পের আওতায় ৪টি সৌরবিদ্যুৎচালিত রিভার্স অসমোসিস (RO) প্ল্যান্ট, ৩টি মিনি পাইপলাইন, একাধিক পানি বিতরণ কেন্দ্র স্থাপন, ওয়াটার পয়েন্ট ম্যানেজমেন্ট কমিটি (WPMC) ও কমিউনিটি ওয়াশ কমিটি গঠন এবং স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি ব্যবহারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
অগ্রগতি পর্যালোচনা সভায় প্রকল্প বাস্তবায়নের বর্তমান অবস্থা, বিভিন্ন চ্যালেঞ্জ এবং সরকারি দপ্তরগুলোর সমন্বয়ের মাধ্যমে টেকসই নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপদ পানির সংকট অনেকাংশে দূর হবে। পাশাপাশি পানিবাহিত রোগের প্রকোপ কমবে, নারী ও শিশুদের পানি সংগ্রহে ভোগান্তি হ্রাস পাবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একটি টেকসই ও সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে উঠবে।
সভায় সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।