মুজিবনগর (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬ বিকাল ০৪:৩০:১৮
মুজিবনগর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধায় ব্যর্থ বিএসএফ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
সোমবার (২৯ জুন) ভোরে নাজিরাকোনা সীমান্তের আন্তর্জাতিক ১১০ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হক।
স্থানীয়দের ভাষ্য, ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার পাথরঘাটা গ্রামের দিক থেকে সাতজনকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত বিজিবিকে খবর দেন।
খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রতিরোধ গড়ে তোলেন। এতে বিএসএফ সদস্যরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়ে সীমান্তের শূন্যরেখা থেকে সাতজনকে আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হক বলেন, “বিএসএফ সদস্যরা সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা শূন্যরেখা থেকে ওই সাতজনকে ফিরিয়ে নিয়ে যায়।”
এ ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।