টুঙ্গিপাড়া প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৬ বিকাল ০৪:৩২:৫২
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে টুঙ্গিপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প ও অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় খাল খনন, পুনঃখনন ও সংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পারঝনঝনিয়া এলাকার ২ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস. এম. জিলানী।
উদ্বোধনের সময় তিনি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে খনন কাজের সূচনা করেন এবং শ্রমজীবী কৃষকের মাথায় ঝুড়িতে মাটি তুলে দেন। এ সময় তিনি বলেন, কৃষি ও পরিবেশ রক্ষায় সরকারের এ উদ্যোগ জলাবদ্ধতা নিরসন ও সেচ সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুমুরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নিজাম শেখ, ইউপি সদস্য মমরেজ ফকির, বিজয় বাড়ুই ও নিরাপদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইজিপিপি কর্মসূচির আওতায় পরিচালিত এ সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার সমাধান হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় কৃষি উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা খননকাজের এলাকা পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রাখার নির্দেশনা দেন।