সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৬ মে ২০২৬ রাত ০৮:০৮:০১
উল্লাপাড়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা-এর বড়পাঙ্গাসী ইউনিয়নের রাহুলিয়া গ্রামে বজ্রপাতে মো. আব্দুস সামাদ খদগীর (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) বিকেল ৪টার দিকে গ্রামের কবরস্থানের উন্নয়ন কাজে সহযোগিতা করতে গেলে তিনি বজ্রপাতে আক্রান্ত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত মাহাম খদগীরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সামাদ খদগীর রাহুলিয়া কবরস্থান পরিচালনা কমিটির সদস্য ছিলেন। কবরস্থানের উন্নয়ন কাজ চলাকালে কাজ তদারকি করার সময় আকস্মিক বজ্রপাতে তিনি মারা যান।
রাহুলিয়া গ্রামের প্রভাষক ইকবাল হোসেন বলেন, উন্নয়ন কাজ চলাকালীন হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
উল্লাপাড়া মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।