কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ বিকাল ০৫:০১:০৭
কসবায় উত্তরা ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার কসবার উপজেলার আলোচিত উত্তরা ব্যাংক পিএলসির, গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী (৪৮)-কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম রোড এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কসবা থানা পুলিশ।
জানা গেছে, গত ৬ জুলাই সন্ধ্যা ৭ টার দিকে কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে গ্রিন হেলথ হাসপাতালের সামনে পূর্ব বিরোধের জেরে উত্তরা ব্যাংক পিএলসির গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম (৪৫)-এর ওপর ধারালো দা দিয়ে হামলা চালানো হয়। পরে স্থানীয় লোকজন ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। চিকিৎসাধীন অবস্থায় ৭ জুলাই দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা শারমীন মলি বাদী হয়ে মোহাম্মদ আলী, তার স্ত্রী হেনা বেগমসহ ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি কসবা থানার এফআইআর নং-১৬ (তারিখ: ৮ জুলাই ২০২৬) হিসেবে দণ্ডবিধির ৩০২-৩৪ ধারায় দায়ের করা হয়।
ঘটনার পর কসবা উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং গোপীনাথপুর ইউনিয়নের সর্বস্তরের গ্রামবাসী প্রধান আসামির গ্রেফতাররে দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
কসবা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশ সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিন পলাতক থাকা প্রধান আসামি মোহাম্মদ আলীকে গ্রেফতার করেন।
কসবা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।