মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ৩ মে ২০২৬ দুপুর ১২:০৫:০২
শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে হত্যা, ঘাতক জসিম মিয়াকে গ্রেফতার
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ফজরের নামাজ চলাকালীন মসজিদের ভেতরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হাফিজ মিয়া নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে রোববার ৩ মে ফজরের নামাজের সময় এই ঘটনা ঘটে। নিহত হাফিজ মিয়া লইয়ারকুল এলাকার বাসিন্দা। এ ঘটনায় আটক জসিম মিয়ার বাড়িও একই এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা হাফিজ উল্লা (৮০) এলাকায় টং দোকান দিয়ে ব্যবসা করতেন। একই এলাকার শওকত আলীর ছেলে জসিম মিয়া (৩২) প্রায়ই দোকানে গিয়ে বাকিতে জিনিসপত্র নেয়ার চেষ্টা করতো। এ নিয়ে উভয়ের মধ্যে গতকাল শনিবার কথাকাটাকাটি হয়। রোববার ৫টার সময় ফজরের নামায আদায় করতে প্রতিদিনের মতো লইয়ারকুল জামে মসজিদে যান হাফিজ উল্লা। ইমাম ছুটিতে থাকায় তিনি নিজেই আযান দেন। হাফিজ উল্লাসহ দুইজন নামাযে দাঁড়িয়ে এক রাকাত নামায শেষে দ্বিতীয় রাকাতের রুকুতে যান। এসময় জসিম মিয়া পেছন থেকে হাফিজ উল্লাকে বলপয়েন্ট কলম দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে মসজিদের ভিতরেই তিনি লুটিয়ে পড়েন। সাথে থাকা অন্য মুসল্লির হাল্লাচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কী কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে তা অবশ্য জানাতে পারেননি স্থানীয়রা। তবে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্মীয় স্থানে এমন সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরীর নেতৃত্বে দ্রুত অভিযান পরিচালিত হয়। পুলিশ অভিযুক্ত জসিম মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত ও অভিযুক্ত ব্যক্তি উভয়ই একই এলাকার বাসিন্দা।
শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। অভিযোগের ভিত্তিতে আমরা প্রধান আসামি জসিম মিয়াকে গ্রেফতার করেছি পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।