নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ সকাল ১০:৩৮:৪৬
বনানীতে সিসা বারে অভিযান, মদ ও মাদক সরঞ্জাম জব্দ; গ্রেফতার ৪
রাজধানীর বনানী এলাকায় অবস্থিত একটি সিসা (শিশা) বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বনানীর ১১ নম্বর সড়কের একটি ভবনের নবম তলায় অবস্থিত “The Antalya” নামক সিসা বারে গতকাল রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিসা লাউঞ্জের ভেতরে লুকানো অবস্থায় প্রায় ১০০ বোতল মদ, ২০টি সিসা সেবনের স্টেন্টসহ বিভিন্ন মাদক সেবনের উপকরণ উদ্ধার করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উক্ত সিসা লাউঞ্জটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। এখানে নিয়মিতভাবে মাদক সেবন ও লেনদেনের পাশাপাশি অসামাজিক কার্যকলাপ, গভীর রাত পর্যন্ত অনিয়ন্ত্রিত পার্টি এবং উচ্চ শব্দে গান-বাজনার আয়োজন চলত। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল।
অভিযানের সময় জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বনানী ও গুলশান এলাকার বিভিন্ন স্থানে এখনও কিছু অননুমোদিত সিসা লাউঞ্জ গোপনে কার্যক্রম পরিচালনা করছে, যেগুলোর কোনো সরকারি অনুমোদন নেই এবং যেখানে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে।
উল্লেখ্য, গত ৩ মার্চ হাইকোর্ট গুলশান-বনানী এলাকায় অনুমোদনবিহীন সিসা (শিশা) লাউঞ্জ ও মাদক কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ওই আদেশে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারসহ সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়।
হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশনা প্রদান করেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রাজধানীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ সিসা লাউঞ্জের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।