আওয়াল সিকদার ইমন
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ দুপুর ০২:৫৯:২০
আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেফতার
অনলাইনে কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণামূলক প্রচারণা এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে Event Sajai ও Main Stage Inc ফেসবুক গ্রুপের অ্যাডমিন মো. বখতিয়ার আবিদ খান (২১) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
Event Sajai ও Main Stage Inc আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট ক্রিকেটার্স একাডেমিতে জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টের আয়োজন করে। কনসার্টের টিকিট বিক্রির জন্য আয়োজকরা GetMyTicket.live-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গত ৮ জুলাই থেকে Main Stage Inc-এর ফেসবুক পেজে প্রচারণা শুরু করে। এ সময় আয়োজকদের নজরে আসে, Bangladesh Concert & Event Connects (BCEC) নামের একটি ফেসবুক গ্রুপে বিভিন্ন আইডি থেকে পূর্বে বাতিল হওয়া একটি কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে আসন্ন কনসার্টের টিকিট বিক্রির বিজ্ঞাপন ও পোস্ট প্রচার করা হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, বিষয়টি নিয়ে গ্রুপটির অ্যাডমিন Ak Abid Khan-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পোস্ট অপসারণের পরিবর্তে এক লাখ টাকা দাবি করেন। অভিযোগে বলা হয়, টাকা না দিলে তিনি এ ধরনের পোস্ট অনুমোদন অব্যাহত রাখবেন এবং Event Sajai ও Main Stage Inc-এর ব্যবসায়িক ক্ষতি ও সুনামহানির চেষ্টা করবেন বলে হুমকি দেন। এ ঘটনায় কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় একটি মামলা (ডিএমপির পল্টন থানার মামলা নং- ১৩, তারিখ- ১৫/০৭/২০২৬ খ্রি. ধারা- ২১(২)/২২(২)/২৭(২) সাইবার সুরক্ষা আইন, ২০২৬) দায়ের করেন।
মামলার তদন্তভার গ্রহণ করার পর সিআইডি তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে ১৬ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. বখতিয়ার আবিদ খান (২১)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি iPhone 11 জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।