নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৬ দুপুর ০২:৩৬:০০
জিয়া উদ্যানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ পুলিশ সদস্য আহত, আটক ২
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যান এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যান গ্লাস ব্রিজের সামনে অজ্ঞাত ২-৩ জন ছিনতাইকারী একটি অটোরিক্সা ছিনতাই করে পালানোর চেষ্টা করছিল। এ সময় ওই এলাকায় টহলরত পুলিশ সদস্যরা মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করেন। পুলিশ পিছু নিলে ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে দুই পুলিশ সদস্যের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
ছুরি হামলার খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশের অতিরিক্ত ফোর্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে রক্তাত্ব অবস্থায় দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে। তাদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত আড়াইটায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আহত দুই পুলিশ সদস্য হলেন, ১. এসআই সামসুজ্জোহা (৩৪), শেরেবাংলা নগর থানায় কর্মরত। তার বাম কাঁধের ওপরে ছুরির গভীর আঘাত রয়েছে। ২. কনস্টেবল মোহাম্মদ হৃদয় হোসেন (২০), পিওএম (বি কোম্পানি)-তে কর্মরত। তাঁরও বাম কাঁধের ওপরে ছুরির আঘাত লেগেছে।
সহকর্মীদের ওপর হামলার পরপরই শেরেবাংলা নগর থানা পুলিশ ওই এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে। দ্রুততম সময়ের মধ্যে এই চক্রের জড়িত দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃতরা হলেন- শাহবাগ থানা এলাকার বাসিন্দা মৃত আব্দুল মালেকের ছেলে রকি (২৪) এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ডাউখরা গ্রামের আব্দুর রউফের ছেলে মো. রাজু (২৫)।
শেরেবাংলা নগর থানা পুলিশ জানায়, আটককৃত ছিনতাইকারীরা পেশাদার অপরাধী। তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।