নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ রাত ০৬:১৮:৪৩
গাজীপুরে আদালত প্রাঙ্গণ থেকে পালালো ডাকাতি মামলার আসামি
গাজীপুর জেলা আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে গেছেন ডাকাতি মামলার এক আসামি। সোমবার (২০ জুলাই) বেলা আড়াইটার দিকে আদালতে নেওয়ার সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায় এই আসামি।
জানা গেছে, ডাকাতি মামলার পলাতক আসামি সম্রাট হোসেন (২৭) জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। তবে তিনি গাজীপুর মহানগরের গাছা থানার তারগাছ বড়বাড়ী এলাকায় বসবাস করতেন।
সোমবার (২০ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
এর আগে রোববার রাতে সম্রাটকে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাকে গাজীপুর আদালতের গারদখানায় পাঠানো হয়। পরে সেখান থেকে কৌশলে পালিয়ে যান তিনি। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করলেও আটক করতে পারেননি।
পুলিশ জানায়, সোমবার দুপুরে আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে নেওয়া হয়। সেখানে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে তাকে বুঝিয়ে দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রের কার্যক্রম চলছিল ।এ সময় হঠাৎ তিনি দৌড়ে পালিয়ে যান। পরে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি বিষয়টি আদালতকেও অবহিত করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন,‘ডাকাতি মামলার এক আসামি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি, খুব দ্রুত তাকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হবে।’
কীভাবে তিনি পালিয়ে যেতে সক্ষম হয়েছেন, সে বিষয়েও তদন্ত চলছে বলে জানান তিনি।