আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৪ মে ২০২৬ রাত ০৭:৪০:৩৬
তামিলনাড়ুতে বিজয় ঝড়, ফলাফল দেখে থালাপতির ‘কাছের লোক’ হওয়ার চেষ্টায় কংগ্রেস!
ভারতের তামিলনাড়ুতে ঝড় তুলেছেন থালাপতি বিজয়। প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দিকে এগিয়ে চলেছেন এই সুপারস্টার। স্থানীয় গণমাধ্যম বলছে, বিজয়ের এমন জনপ্রিয়তা দেখে এবার তার হাত ধরতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। ইতোমধ্যেই ‘টিভিকে’ নেতার সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে দলটি।
ভোটের আগে থেকেই কংগ্রেসের পক্ষ থেকে বিজয়কে নিয়ে বেশ আগ্রহ দেখানো হচ্ছিল। রাহুল গান্ধীর সঙ্গে দক্ষিণী সুপারস্টারের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কও রয়েছে। কিন্তু নির্বাচনী জোট হয়নি দু’পক্ষে। দীর্ঘদিনের সঙ্গী ডিএমকে’র হাত ধরেই ভোট ময়দানে নামে কংগ্রেস।
বেশ কিছুদিন ধরেই ডিএমকে নিয়ে অসন্তুষ্ট ছিলেন তামিলনাড়ুর কংগ্রেস নেতারা। ক্ষোভের মূল কারণ, ‘অসম্মান’। তামিলনাড়ুতে কংগ্রেস এবং ডিএমকের জোট যতই মসৃণ হোক, রাজ্য রাজনীতিতে কংগ্রেসকে সেভাবে গুরুত্ব দেয় না ডিএমকে।
প্রতিবেদন অনুসারে, রাজ্যটিতে ডিএমকে কংগ্রেস জোট ক্ষমতায় থাকলেও সরকারে কংগ্রেসের কোনো অংশিদারিত্ব নেই। স্থানীয় পুরসভা, বিভিন্ন উন্নয়ন বোর্ডেও কংগ্রেস নেতাদের গুরুত্ব দেয়া হয় না। এমন নানা অভিযোগ তুলে ডিএমকের সঙ্গ ছাড়ার বার্তা দিচ্ছিলেন অনেক নেতা।
তাই ভোটের আগেই কংগ্রেসের একটা অংশ থালাপতি বিজয়ের টিভিকের সঙ্গে জোট করতে চাইছিলেন। কিন্তু কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা নিশ্চিত ছিলেন না। এক্সিট পোলের পর থেকে ছবিটা পাল্টাতে থাকে। সমীক্ষায় দাবি করা হয়েছে, প্রায় একশ’র কাছাকাছি আসন পেতে পারে প্রথমবার ভোটের ময়দানে নামা দলটি। তারপর থেকেই তামিলনাড়ুতে একেবারে ‘হটকেক’ হয়ে উঠেছেন বিজয় এবং তার দল। সেই সুযোগেই বিজয়ের ‘কাছের লোক’ হয়ে উঠতে চাইছে কংগ্রেস।
বলা হচ্ছে, বিজয়কে সমর্থন করলে সরকারেও পদ পেতে পারেন কংগ্রেস নেতারা।
কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল জানিয়েছেন, তামিলনাড়ুর ফলাফল দেখে তারা চমকে গেছেন। তাই দেরি না করে তামিল রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে কংগ্রেসকে। বিজয়কে বাহবা জানাতেও ভোলেননি তিনি। ভোটের আগে কেন বিজয়ের সঙ্গে জোট করল না কংগ্রেস, সেই প্রশ্নের জবাব অবশ্য এড়িয়ে গেছেন বেণুগোপাল।
শেষ পাওয়া খবর অনুযায়ী, বিজয়ের দল এগিয়ে রয়েছে ১০৯টি আসনে। কংগ্রেসও পাঁচটি আসনে এগিয়ে। ফলে দীর্ঘদিনের সঙ্গী এমকে স্ট্যালিনের দলকে ছেড়ে বিজয়ের হাত ধরতে পারে হাত কংগ্রেস, এমন সম্ভাবনা প্রবল। ইতোমধ্যেই বিজয়ের মন জয়ের চেষ্টা শুরু করে দিয়েছে কংগ্রেস। একের পর এক কংগ্রেস নেতা শুভেচ্ছা জানিয়েছেন থালাপতির সাফল্যে।