নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬ সকাল ১১:৩৪:০০
ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন। তবে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার সুযোগ দিতে নেওয়া এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২ শতাংশের বেশি কমেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার এশিয়ার বাজারে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জুলাই চুক্তির দাম প্রতি ব্যারেলে প্রায় ২ ডলার কমে ১০২ ডলারের কাছাকাছি নেমে আসে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দামও উল্লেখযোগ্যভাবে কমে যায়।
এর আগে সোমবার মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতের সম্ভাবনা এবং তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে— এমন শঙ্কায় বাজারে অস্থিরতা তৈরি হয়।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সামরিক পদক্ষেপ স্থগিতের ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এতে অন্তত সাময়িকভাবে বড় ধরনের সংঘাতের আশঙ্কা কমেছে এবং বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার ভয়ও কিছুটা হ্রাস পেয়েছে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অত্যন্ত সংবেদনশীল। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে চাপ তৈরি করতে পারে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল সরবরাহ এই পথ দিয়েই পরিবহন করা হয়।
হোয়াইট হাউস জানিয়েছে, ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এখনো রয়েছে। ট্রাম্পও আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন। এর ফলে বিনিয়োগকারীরা আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছে।
তথ্যসূত্র : রয়টার্স