নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬ রাত ০৯:০৮:৪১
পারমাণবিক কর্মসূচি নিয়ে আপাতত আলোচনা নয়: ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনায় আপাতত তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনা করবেনা। তেহরান এখন মূলত লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার বিষয়টিতেই তাদের পুরো মনোযোগ দিতে চায়। দেশটির সরকারি সংবাদ সংস্থা ‘ইরনা’ এই তথ্য নিশ্চিত করেছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘চলমান আলোচনার এই পর্যায়ে আমরা পারমাণবিক বিষয়ের বিস্তারিত কোনো আলোচনা করব না। আমরা লেবাননসহ সকল ফ্রন্টে যুদ্ধ শেষ করার ওপর আলোচনাকে কেন্দ্রীভূত করার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমরা আগামী ৩০ দিন বা ৬০ দিনের মধ্যে পারমাণবিক বিষয়ে প্রবেশ করব কিনা, তা সম্পূর্ণ পরের বিষয়।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের মাধ্যমে চলা এই মধ্যস্থতা প্রক্রিয়াটিকে বেশ ‘সময়সাপেক্ষ’ বলে উল্লেখ করেছেন বাঘাই। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের শত্রুতা কয়েক দশক পুরোনো, তাই রাতারাতি সব সমাধান সম্ভব নয়। কিছু নির্দিষ্ট বিষয় ও খসড়ার শব্দচয়ন নিয়ে এখনো দুই দেশের মধ্যে মতবিরোধ রয়েছে। এই কারণে আলোচনা চলছে এবং নতুন প্রস্তাব দেওয়া হয়েছে, যার মধ্যে কয়েকটি প্রস্তাব এখনো পর্যালোচনাধীন রয়েছে।’
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই শান্তি আলোচনার মধ্যস্থতা করায় প্রতিবেশী দেশ পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদও জানিয়েছেন ইরানের এই মুখপাত্র।
উল্লেখ্য, এর আগে ইরান যুদ্ধ থামাতে পাকিস্তানের মাধ্যমে একটি সংশোধিত ১৪ দফা শান্তি পরিকল্পনা ওয়াশিংটনে পাঠিয়েছিল, যার বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে চুক্তি করার জন্য কয়েক দিনের আলটিমেটাম দিয়েছেন।