নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫৭:০০
নাইজেরিয়ায় সশস্ত্র হামলা, ২৯ জন নিহত
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আদামাওয়া রাজ্যের গুইয়াকু গ্রামে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৯ জন নিহতের খবর পাওয়া গেছে। কয়েক ঘণ্টাব্যাপী চলা এই হামলায় ধ্বংস করা হয়েছে বহু বাড়িঘর।
রাজ্যের গভর্নর আহমাদু উমারু ফিনতিরি স্থানীয় সময় ২৭ এপ্রিল সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, গুইয়াকুর মানুষের জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে। এটি মানবতার ওপর নির্মম আঘাত এবং এর বিচার অবশ্যই হবে। খবর আল জাজিরার।
আহমাদু উমারু আরও জানান, হামলার জবাবে নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং সেনাবাহিনী ও স্থানীয় প্রতিরক্ষা দলগুলোর সহায়তা অব্যাহত থাকবে।
বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, জঙ্গিগোষ্ঠী আইএসআইএলের আঞ্চলিক একটি শাখা এই হামলার দায় স্বীকার করেছে। তবে ঠিক কোন গোষ্ঠী হামলাটি চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়।
একই দিনে নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে একটি এতিমখানায় হামলা চালিয়ে ২৩ শিশুকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে ১৫ জনকে উদ্ধার করা হলেও বাকি ৮ জনকে উদ্ধারে অভিযান চলছে।
নাইজেরিয়ায় সাম্প্রতিক সময়ে মুক্তিপণের জন্য অপহরণ এবং সশস্ত্র হামলার ঘটনা বেড়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ কিছু রক্ষণশীল মহল নাইজেরিয়ায় ‘খ্রিস্টান গণহত্যা’ ঘটছে বলে অভিযোগ তুললেও দেশটির সরকার জানিয়েছে, হামলায় সব ধর্মের মানুষই নিহত হচ্ছেন।
সংকট পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত নাইজেরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর ১৯২৩টি হামলার মধ্যে ধর্মীয় কারণে খ্রিস্টানদের লক্ষ্য করে হামলার সংখ্যা ছিল মাত্র ৫০টি।
নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে এবং স্থানীয় বাহিনীকে সহায়তায় সেনা মোতায়েন করেছে।