নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ দুপুর ১২:৪৭:৫৯
কানাডার দাবানলে যুক্তরাষ্ট্রের আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে
কানাডাজুড়ে ৮৫৭টি দাবানল জ্বলছে। এসব দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যের আকাশ ধোঁয়াটে হয়ে পড়েছে এবং বায়ুর মান মারাত্মকভাবে অবনতি হয়েছে। এ পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, মিশিগান অঙ্গরাজ্য এবং মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসসহ বিস্তীর্ণ এলাকার বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) জানিয়েছে, আপার মিডওয়েস্ট, গ্রেট লেকস অঞ্চল থেকে শুরু করে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতা কার্যকর রয়েছে। এসব এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কানাডিয়ান ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টারের তথ্যমতে, বর্তমানে দেশটিতে ৮৫৭টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার নতুন করে ২৩টি দাবানলের সূত্রপাত হয়েছে। কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেম জানিয়েছে, অধিকাংশ দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।
বিশেষ করে অন্টারিওর পশ্চিমাঞ্চলের বড় বড় দাবানল থেকে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় থান্ডার বে ও টরন্টোর বায়ুর মানের উল্লেখযোগ্য অবনতি হয়েছে। একই সঙ্গে অপেক্ষাকৃত হালকা ধোঁয়া উঁচু বায়ুমণ্ডল দিয়ে গ্রেট লেকস অতিক্রম করে নিউইয়র্ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
এর ফলে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় আকাশ ধোঁয়াটে দেখা যাচ্ছে। পাশাপাশি সূর্যোদয় ও সূর্যাস্ত স্বাভাবিকের তুলনায় বেশি লালচে দেখাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।