নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:২৮:০৫
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু
দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশু মারা গেছে। এর মধ্যে তিন শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল ছয় শিশুর মধ্যে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৭৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। হাম শনাক্ত হয়ে তিন শিশুই ঢাকায় মারা গেছে। আর হাম উপসর্গে বরিশালে দুই জন, ঢাকায় দুই জন, রাজশাহীতে একজন ও সিলেটে একজন মারা গেছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ২২৬ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৪৭ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৩৪ হাজার ৬৬২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ হাজার ৩৪৮ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১৯ হাজার ৯৯১ শিশু বাড়ি ফিরেছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর ।
গত ১৫ মার্চ থেকে দেশে ৪ হাজার ৮৫৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদফতর।