নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ রাত ০৯:১২:০০
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৭৩০
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭ জনে। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭৩০ জন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০৭, চট্টগ্রাম বিভাগে ৮৯, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৭, খুলনা বিভাগে ১২৩, ময়মনসিংহ বিভাগে ২৭ ও রংপুর বিভাগে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ১৭৩ জন। এর মধ্যে চলতি মাসে ৭ হাজার ৮৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ জুনে ২ হাজার ৯০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৭ জনের। এর মধ্যে চলতি মাসে ১৩ জন মারা গেছে। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।