জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩২:৪২
নববর্ষ উপলক্ষে এসবিপির হাম সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাংলা নববর্ষ উপলক্ষে হাম রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ক্যাম্পেইন পরিচালনা করেছে ‘সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্ট’ (এসবিপি)।
রাজধানীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাজার কমপ্লেক্স, ধানমন্ডির রবীন্দ্র সরোবর এবং বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকায় একাধিক বুথ স্থাপন করে সাধারণ মানুষের মধ্যে এ সেবা প্রদান করা হয়। বুধবার (১৫ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ক্যাম্পেইনের আওতায় বিনামূল্যে রক্তচাপ (ব্লাড প্রেসার) পরীক্ষা, রক্তে গ্লুকোজ নির্ণয়, হাম রোগ সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ এবং ওষুধের নিরাপদ ব্যবহার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন ফার্মাসিস্টরা।
সংগঠনটি জানায়, এই উদ্যোগটি দেশের উন্নত স্বাস্থ্যব্যবস্থা গঠনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞদের দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অ্যালামনাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জনস্বাস্থ্য বিষয়ে তরুণদের দায়িত্বশীল ভূমিকার প্রতিফলন ঘটিয়েছে।
এসবিপির আহ্বায়ক মোহাম্মদ জাকারিয়া হোসেন বলেন, “একটি আধুনিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে ফার্মাসিস্টদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। আজকের এই উদ্যোগে জনসচেতনতা, প্রতিরোধ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা একসঙ্গে কাজ করছে।”
সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম দেশব্যাপী আরও বিস্তৃতভাবে পরিচালনার পরিকল্পনা নিয়েছে বলে জানানো হয়েছে।