নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭ আগস্ট ২০২৬ রাত ০৬:১৬:৩৩
মনসুর আলী মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদ পুনর্গঠন নিয়ে উত্তেজনা
রাজধানীর উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে পরিচালনা পর্ষদ পুনর্গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে শিক্ষা কার্যক্রম ও চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সহধর্মিণী বেগম লাইলা আরজুমান। তার পরিবর্তে গত ৪ আগস্ট ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাসকে চেয়ারম্যান করে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের গভর্নিং বডি পুনর্গঠনের চিঠি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এরপর থেকে দুই পক্ষই নিজেদের অবস্থান ধরে রাখতে দফায় দফায় মেডিকেল কলেজে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি ও হট্টগোল সৃষ্টি করছে। ফলে শিক্ষা কার্যক্রম ও চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীরা জানান, গভর্নিং বডি-সংক্রান্ত একটি মামলা চূড়ান্ত নিষ্পত্তির জন্য আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম ও চিকিৎসাসেবা অব্যাহত রাখতে এবং শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে দুই পক্ষকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।