নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৩:১৫
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হামের উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন ঢাকা বিভাগের, একজন রাজশাহী বিভাগের এবং একজন সিলেট বিভাগের। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত সময়ে শিশুগুলোর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৬৪৮ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪১।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৪৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৫৬৫।
এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১৫৯ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১২ হাজার ৭৯১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯ হাজার ৭৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৬ হাজার ৬২ জন।