নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬ রাত ০৯:৫২:৫৮
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক নিয়ন্ত্রণে আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
সারাদেশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের পদ্মা হলে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতকে আরও উন্নত করতে হলে বেসরকারি খাতের কার্যক্রমের ওপর বিশেষ নজর দিতে হবে। তিনি বলেন, আপনাদের (প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন) সহযোগিতায় আমরা মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।
তিনি আরও বলেন, অবৈধ ও অনিয়ন্ত্রিত ক্লিনিকের কারণে অনেক সময় সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন। তাই এসব প্রতিষ্ঠানকে যথাযথভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব ডা. এ এম শামীম, ড্যাবের প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
অনুষ্ঠানে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।