নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২১:৫৬
নিরাপত্তার প্রশ্নে শক্ত অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন: ইসি সানাউল্লাহ
সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে সবাইকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। সবকিছু খোলামেলাভাবে করতে হবে, কোনো ধরনের লুকোচুরি চলবে না। নিরাপত্তার প্রশ্নে নির্বাচন কমিশন শক্ত অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে।
ভোট সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া
গেলে তার পরিণতি খুবই খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন ন্বিাচন কমিশনার।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে
নির্বাচন সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ সব কথা বলেন।
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বরিশাল জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স
ও অবজারভেশন টিমের সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সানাউল্লাহ বলেন, নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে সবাইকে
পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। সবকিছু খোলামেলাভাবে করতে হবে, কোনো ধরনের লুকোচুরি
চলবে না। নিরাপত্তার প্রশ্নে নির্বাচন কমিশন শক্ত অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে।
তিনি বলেন, আমাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ একজন নাগরিক
হিসেবে ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এর বাইরে নয়। পেশাদারিত্বের সঙ্গে শতভাগ
দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমার কাছে কোনো ছোট দল, বড় দল, হেভিওয়েট কিংবা লাইটওয়েট
প্রার্থী নেই—আইন
প্রয়োগের ক্ষেত্রে সবাই সমান।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন,
নির্দেশনার পরও যদি কেউ ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং পক্ষপাতিত্ব
প্রমাণিত হয়, তাহলে তার পরিণতি খুব খারাপ হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন কোনো ছাড় দেবে
না।
অপতথ্য ও গুজব প্রতিরোধে স্থানীয় পর্যায়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ইসি বলেন, দ্রুত সত্য তথ্য গণমাধ্যমের মাধ্যমে জানাতে হবে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, গুজব ও অপতথ্যের প্রবণতাও তত বাড়বে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।