নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১:১৮:৩০
আসছে রোজ ডে: যেভাবে গোলাপ দিলে প্রিয়জন হবে অভিভূত
ফেব্রুয়ারি মানেই ভালোবাসার রঙে রঙিন সময়। বসন্তের হালকা ছোঁয়ার সঙ্গে প্রেমের বার্তা নিয়ে হাজির হয় ভালোবাসার সপ্তাহ। এই সপ্তাহের প্রথম দিন, ৭ ফেব্রুয়ারি—রোজ ডে।
প্রিয় মানুষটিকে ভালোবাসার কথা বলার জন্য গোলাপের চেয়ে সুন্দর প্রতীক আর কী হতে পারে? যুগ যুগ ধরে গোলাপ ভালোবাসা, আবেগ আর মমতার প্রতিচ্ছবি হয়ে আছে।
তবে প্রতি বছর একই রকম প্লাস্টিক মোড়ানো তোড়া কি আর মন ছুঁয়ে যায়? সময় এসেছে একটু ভিন্নভাবে ভাবার। এবার গোলাপ দিন যত্ন, সৃজনশীলতা আর ব্যক্তিগত অনুভূতির মিশেলে—যাতে উপহারটি হয়ে ওঠে স্মরণীয়।
রোজ বক্সে নান্দনিক ভালোবাসা
সাধারণ তোড়ার বদলে এখন ট্রেন্ডে রয়েছে রোজ বক্স। কাঠ বা হার্ডবোর্ডের তৈরি বর্গাকার কিংবা হার্ট শেপ বাক্সে ফোম বসিয়ে তার ওপর সারি করে সাজানো টাটকা গোলাপ—দেখতে যেমন আভিজাত্যপূর্ণ, তেমনি পরিবেশবান্ধবও।
বাক্সের চারপাশে সাটিন ফিতা, লেস বা মিনিমাল স্টিকার ব্যবহার করে বাড়িয়ে নিতে পারেন সৌন্দর্য। ভেতরের ঢাকনায় মেটালিক কালি বা হাতে লেখা ছোট্ট একটি ভালোবাসার বার্তা যোগ করলে উপহারটি পেয়ে প্রিয়জন নিঃসন্দেহে অভিভূত হবেন।
গোলাপে লুকানো মনের কথা
গোলাপের তোড়ার সঙ্গে যদি যুক্ত হয় কিছু অনুভূতির শব্দ, তবে তার আবেদন বহুগুণে বেড়ে যায়। প্রতিটি গোলাপের ডাঁটার সঙ্গে ছোট্ট একটি খাম বা চিরকুট বেঁধে দিতে পারেন।
সেই চিরকুটে লিখে রাখুন আপনাদের প্রথম দেখা, কোনো প্রিয় মুহূর্ত, পছন্দের কবিতার পঙ্ক্তি কিংবা “কেন আমি তোমাকে ভালোবাসি”—এমন কয়েকটি কারণ। একেকটি গোলাপ হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে একেকটি অনুভূতির দরজা খুলে যাবে।
চিরন্তন অরিগামি গোলাপ
তাজা গোলাপের আয়ু সীমিত, কিন্তু ভালোবাসা তো চিরস্থায়ী। তাই হাতে তৈরি অরিগামি গোলাপ হতে পারে এক ব্যতিক্রমী উপহার। রঙিন কাগজ ভাঁজ করে বানানো এই গোলাপগুলো কখনো শুকোবে না, মলিনও হবে না।
নিজের হাতে তৈরি করা উপহার মানেই তাতে সময়, ধৈর্য আর যত্নের ছাপ থাকে। একটি সুন্দর বাক্সে সাজানো কাগজের গোলাপ প্রিয়জনকে জানিয়ে দেবে—এই ভালোবাসা যত্নে আগলে রাখার মতো।
প্রিয় বইয়ের পাতায় শুকনো গোলাপ
আপনারা যদি বইপ্রেমী হন, তবে এই আইডিয়াটি একদম পারফেক্ট। তাজা গোলাপ বা পাপড়ি কয়েক সপ্তাহ ভারী বইয়ের পাতার মাঝে রেখে প্রেস করে শুকিয়ে নিন।
এরপর সেই বইটি উপহার দিন প্রিয়জনকে। বইয়ের ভেতরের পাতায় তারিখসহ একটি ছোট বার্তা লিখে রাখতে পারেন। সময় পেরিয়ে গেলেও যখনই বইটি খোলা হবে, শুকনো গোলাপ ফিরিয়ে আনবে সেই বিশেষ দিনের স্মৃতি।
গোলাপের পাপড়িতে বন্দী স্মৃতি
রোজ পেটাল পেনডেন্ট বা লকেট এখন বেশ জনপ্রিয় এক উপহার। আসল গোলাপের পাপড়ি রেজিনের ভেতর স্বচ্ছভাবে সংরক্ষণ করে তৈরি করা হয় এই গয়নাগুলো।
লাল বা গোলাপি পাপড়ির লকেট প্রিয় মানুষের গলার হার কিংবা ব্রেসলেটে যুক্ত হলে তা হয়ে উঠবে ভালোবাসার এক চলমান স্মারক—যা তিনি সব সময় নিজের সঙ্গে রাখতে পারবেন।
গোলাপ দেওয়া কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি অনুভূতির ভাষা। তাই এবারের রোজ ডেতে শুধু ফুল নয়, তার সঙ্গে যোগ করুন নিজের ভাবনা, সময় আর যত্ন। দেখবেন, একটি ছোট্ট গোলাপই হয়ে উঠবে অগাধ ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ।