নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৪:৪০
গ্র্যামি অ্যাওয়ার্ডে ব্যাতিক্রমী অর্জন দালাই লামার
তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা সদ্য অনুষ্ঠিত ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে প্রথমবারের মতো জিতে নিলেন গ্র্যামি অ্যাওয়ার্ড। এর মাধ্যমে আধ্যাত্মিকতা ও সংগীতের মেলবন্ধনে ব্যতিক্রমী এক ইতিহাস গড়লেন তিনি।
দালাই লামা ‘বেস্ট অডিওবুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে এই সম্মান অর্জন করেছেন। যা গ্র্যামির মঞ্চে এক ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত।
বাংলাদেশ সময় সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে গ্র্যামি বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এখানে গ্র্যামির প্রি-টেলিকাস্ট অনুষ্ঠানে দালাই লামার পুরস্কার অর্জনের ঘোষণায় শুরুতেই এনে দেয় এক গভীর, ভাবনাময় আবহ।
সংগীত সংশ্লিষ্টরা বলছেন, আধ্যাত্মিক দর্শন ও মানবিক বোধ যে বৈশ্বিক সংস্কৃতির মূলধারায় জায়গা করে নিচ্ছে, এই অর্জন তারই প্রতিফলন।
তাঁর স্পোকেন-ওয়ার্ড অ্যালবাম ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশনস অব হিজ হোলিনেস দ্য দালাই লামা’–এর জন্য গ্র্যামি জিতেছেন দালাই লামা। এতে ধ্যান, করুণা, আত্মিক প্রশান্তি ও মানবিক সহমর্মিতার দর্শন তুলে ধরা হয়েছে। দালাই লামার বয়ানের সঙ্গে যুক্ত হয়েছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত থেকে অনুপ্রাণিত সুর।
এই বিভাগে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন গ্র্যামি অ্যাওয়ার্ডসের সঞ্চালক ট্রেভর নোয়া এবং যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি কেতানজি ব্রাউন জ্যাকসনের মতো আলোচিত ব্যক্তিত্বরা। গ্র্যামির মঞ্চে দালাই লামার অনুপস্থিতিতে তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন গায়ক ও সুরকার রুফাস ওয়েইনরাইট। মঞ্চে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এই প্রকল্পটি কোনো পারফরম্যান্স নয়, বরং দালাই লামার দীর্ঘদিনের আধ্যাত্মিক চর্চা ও মানবিক দর্শনের প্রতিফলন।
এদিকে সংগীত সমালোচকরা বলছেন, ধ্যান, বয়ান ও আধ্যাত্মিক গল্পকথা যে এখন বৈশ্বিক শিল্পমাধ্যমে মূলধারার সংগীতের পাশাপাশি জায়গা করে নিচ্ছে দালাই লামার এই স্বীকৃতি তারই ইঙ্গিত দেয়।