নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১০:০২
ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে ১৮০০ বিদেশি এজেন্সি স্থগিত
পবিত্র ওমরাহ হজকে কেন্দ্র করে পরিচালিত কার্যক্রমে অনিয়মের অভিযোগে প্রায় এক হাজার ৮০০টি বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির সঙ্গে করা চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
সৌদি আরবে ওমরাহ কার্যক্রমে যুক্ত প্রায় পাঁচ হাজার ৮০০টি
বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে এসব প্রতিষ্ঠানের চুক্তি স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত
হওয়া গেছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, কার্যক্রম পরিচালনা ও
হজযাত্রীদের সেবা প্রদানে ঘাটতির কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি ট্রাভেল এজেন্সিগুলোর
কর্মদক্ষতা ও সেবার মান নিয়মিত পর্যবেক্ষণ ও পর্যায়ক্রমিক মূল্যায়নের আওতায় আনা হয়েছিল।
সেই মূল্যায়নে একাধিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থতার প্রমাণ
পাওয়া যায়।
সৌদি প্রশাসন এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সিগুলোকে
নিজেদের ত্রুটি সংশোধনের জন্য ১০ দিনের সময় বেঁধে দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয়
শর্ত ও মানদণ্ড পূরণ করতে পারলে এসব এজেন্সির সঙ্গে চুক্তি পুনরায় কার্যকর করা হবে।
হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই নিয়ন্ত্রণমূলক
পদক্ষেপের উদ্দেশ্য হলো অনুমোদিত নীতিমালা ও সেবার মান যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করা।
একই সঙ্গে ওমরাহ ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করাও এই সিদ্ধান্তের অন্যতম
লক্ষ্য। যেসব ওমরাহ হজযাত্রীর বৈধ ভিসা রয়েছে এবং যাদের যাত্রা ও আবাসনের বুকিং আগে
থেকেই সম্পন্ন—এই
সিদ্ধান্তের কারণে তাদের ওপর কোনো প্রভাব পড়বে না। তাদের ওমরাহ কার্যক্রম ও সেবা আগের
মতোই অব্যাহত থাকবে।
সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান
আলনওয়াইমি বলেছেন, ওমরাহ খাতের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা এবং হজযাত্রীদের অধিকার সুরক্ষিত
করাই মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য। এ জন্য ভবিষ্যতেও নজরদারি ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত
থাকবে।