নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১১:৫৭
এবার জম্মু ও কাশ্মিরে ভূমিকম্প অনুভূত
ভারতশাসিত জম্মু ও কাশ্মির এলাকায় স্থানীয় সময় সোমবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টারের (ইএমএসসি) তথ্যানুযায়ী এর মাত্রা ছিলো রিখটার স্কেলে ৪.৮।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এ ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল ভারতের শ্রীনগর থেকে ১৭ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে ও সোয়াইবাগ থেকে ১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদ মাধ্যম গ্রেটার কাশ্মির জানিয়েছে, শ্রীনগর, বারামুল্লা, সোপোর, গান্ডারবাল, পুলওয়ামা ও আশেপাশের এলাকাসহ বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির প্রভাব পাকিস্তান শাসিত কাশ্মিরের কিছু অংশেও ছিল। হঠাৎ কম্পনে ঘুমন্ত মানুষ জেগে ওঠেন। অনেকেই ভয়ে ঘর থেকে বের হয়ে যান। ভূমিকম্পে ঘরের দরজা-জানালা থেকে শুরু করে ঘরের বিভিন্ন আসবাবপত্রে কম্পনের প্রভাব দেখা যায়।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, গভীর রাতে আফগানিস্তানের জালালাবাদে ৪.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।