নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪৪:৫২
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
নির্বাচনের সময়ে কেউ ইন্টারনেট সেবা ব্যাহত করার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (০১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্তরের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনের সময় কেউ যদি ইন্টারনেট সেবা ব্যাহত করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চট্টগ্রামের পাহাড়, সমতল ও উপকূলীয় এলাকা এই বৈচিত্র্যময় ভৌগোলিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচনের সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী মোতায়েন করা হবে।
তিনি আরও বলেন, ইন্টারনেট খোলা থাকবে। আপনাদের মুখ পুরোপুরি খোলা। আপনারা এখানে সত্য তুলে ধরার জন্যই আছেন। আপনারা যদি সত্য প্রকাশ করতে না পারেন, তাহলে মানুষ সঠিক তথ্য পাবে না। তাই আমরা চাই সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করুক এবং সত্য বলুক।
নির্বাচন প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, তাদের প্রস্তুতি বেশ ভালো। এই প্রস্তুতি অনুযায়ী কাজ এগোলে নির্বাচন হবে সুষ্ঠু ও উৎসবমুখর।