বিশ্বকাপ উন্মাদনায় ভাঙ্গুড়ায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সারা বিশ্বের মতো পাবনার ভাঙ্গুড়া উপজেলাতেও ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে উপজেলার ব্রাজিল ভক্তরা রঙ-বেরঙের পতাকা, জার্সি, ড্রাম ও বাঁশি নিয়ে আয়োজন করেন এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালি।শুক্রবার (৫ জুন) বিকেলে ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় ব্রাজিল দলের জার্সি পরিহিত বিভিন্ন বয়সী সমর্থক অংশ নেন। রাজনৈতিক নেতা-কর্মী, চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী, সংবাদকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ আয়োজনে যোগ দেন। এছাড়া শিশু-কিশোরদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।শোভাযাত্রা চলাকালে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা পথচারী, দোকানদার ও স্থানীয় বাসিন্দারা হাত নেড়ে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান। এতে পুরো পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।ভাঙ্গুড়া পৌর ফিটনেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুজ্জামান আজিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন আহমেদ মুন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, ব্রাজিল সমর্থক হাফিজ আল-আফ্রিদী, হিরো খান, আদদান বাপ্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক ব্রাজিল ভক্ত।ফুটবল-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি ফুটবলপ্রেমীদের কাছে আবেগ, আনন্দ ও ঐক্যের প্রতীক। ভাঙ্গুড়ার গ্রাম থেকে শহর—সবখানেই এখন বিশ্বকাপকে ঘিরে চলছে আলোচনা ও প্রস্তুতি। চায়ের দোকান, পাড়া-মহল্লা এবং সামাজিক আড্ডায় ফুটবল নিয়ে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।আয়োজকদের মতে, এই শোভাযাত্রা কেবল সমর্থন প্রকাশের আয়োজন নয়; বরং নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলা ও ফুটবলের প্রতি আগ্রহ বৃদ্ধির একটি উদ্যোগ। এর মাধ্যমে তরুণদের মাঝে খেলাধুলার ইতিবাচক চর্চা আরও প্রসারিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।এ বিষয়ে প্রবীণ ব্রাজিল সমর্থক ও উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক বলেন, “ছোটবেলা থেকেই ব্রাজিল দলকে মনেপ্রাণে ভালোবাসি। নান্দনিক ও শৈল্পিক ফুটবলের জন্য ব্রাজিল বিশ্বজুড়ে সমাদৃত। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দলের প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন জানাতেই আজকের এই আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।”